নিজস্ব প্রতিবেদক : পাবনার সদর উপজেলায় সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে ভয়াবহ বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে একটি সেতুর কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা সোনাপাতিল বিলে মাছ ধরা ও কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। এ সময় বজ্রপাত থেকে বাঁচতে তারা বিলের মধ্যে থাকা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ওই ঘরে বজ্রপাত আঘাত হানলে ঘটে প্রাণহানির ঘটনা। এতে ছয়জনের মৃত্যু হয় এবং অন্তত পাঁচজন আহত হন।

 

বজ্রপাতের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে কিশোর ও তরুণ বয়সী ব্যক্তিও রয়েছেন। একই ঘটনায় ছয়জনের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম