অনলাইন ডেস্কঃ

​কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এনজিও সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর একটি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এ সময় আগুনের তীব্রতায় আশপাশের কয়েকটি রোহিঙ্গা বসতিও (ঝুপড়ি ঘর) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​আজ শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

​প্রত্যক্ষদর্শী ও ক্যাম্প সূত্রে জানা গেছে, দুপুরে সিএনআরএসের প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায়। প্রশিক্ষণ কেন্দ্রের সাপোর্ট স্টাফ শাকিল প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করেন এবং আশপাশের লোকজনকে বিষয়টি জানান। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও তাড়াহুড়ো তৈরি হয়।

​আগুন লাগার পরপরই স্থানীয় রোহিঙ্গা বাসিন্দারা ছুটে এসে প্রাথমিক উপায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে ক্যাম্পের নিয়োজিত স্বেচ্ছাসেবক দল এবং উখিয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সবার যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

​ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।