​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম বলেছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাত্র কিছুদিন অতিবাহিত হয়েছে। আমরা একটি ভঙ্গুর অর্থনীতির দেশ হাতে পেয়েছি, যার প্রতিটি সেক্টরেই চরম ভগ্নদশা বিরাজমান ছিল।

 

শিক্ষা ব্যবস্থাও এর ব্যতিক্রম নয় একেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অতীতে শিক্ষার গুণগত মান না বাড়িয়ে ওপরের নির্দেশে কেবল পাসের হার বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।

 

​তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

​শুক্রবার (১২ জুন) বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নওগাঁর অর্থায়নে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

​”জাতির মেরুদণ্ড শক্ত করতে হলে শিক্ষার মান অবশ্যই বৃদ্ধি করতে হবে। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে সেখান থেকে ভালো মানের শিক্ষার্থী বের হওয়া সম্ভব। তবে এ ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

 

শুধুমাত্র ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়েই দায়িত্ব শেষ হয় না, তারা কেমন পড়াশোনা করছে তার নিয়মিত নজরদারি অভিভাবকদেরই করতে হবে।এমপি এস.এম. রেজাউল ইসলাম ​মাদক নির্মূলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সংসদ সদস্য বলেন, বর্তমান সমাজের চারপাশে মাদকের ছোবল দিন দিন ছড়িয়ে পড়ছে।

 

সমাজে যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, তার মূল কারণ এই সর্বনাশা মাদক। মাদককে পুরোপুরি নির্মূল করতে হলে পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। মাদকের সাথে যারা জড়িত থাকবে, এই জনপদে তাদের কোনো স্থান হবে না। আমরা এই অঞ্চলকে শান্তি আর উন্নয়নের জনপদ হিসেবে গড়েতুলবো।

 

​রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ​অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ​উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী ​সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু ​সাধারণ সম্পাদক মোসারব হোসেন ​যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু ​সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন ​মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ​প্রভাষক জাকির হোসেন ​বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রমেশ চন্দ্র পাল বক্তব্য রাখেন।