হাফিজার রহমান,  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

আদমদীঘির সান্তাহার মাদরাসার নার্সারী শিক্ষার্থি সাড়ে ৬ বছরের রাকা মুনিকে কানের সোনার দুল নিয়ে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা বহুল আলোচিত মামলার হত্যাকারিদের ফাঁসির দাবীতে নুরানী ইসলামিয়া একাডেমি মাদরাসার শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও শিক্ষার্থিরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।

 

গতকাল রোববার (১৪ জুন) সকাল ১০টায় মাদরাসার সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন। প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচী পালন কালে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, সহকারি শিক্ষক হাফেজ রোকনুজ্জামান, আছাদুল ইসলাম, নিহত রাকা মুনির ফুপু লিপি বেগম, এসএম রাজু আহমেদ, জনি আহমেদ ও মাজেদ রহমান, হিরো আহমেদ প্রমুখ। বক্তারা মাদরাসা শিক্ষার্থি শিশু রাকা মুনির হত্যাকারিদের বিধি মোতাবেক আইনের মাধ্যমে ফাঁসি দাবি ও অবিলম্বে তা কার্যকরের দাবী জানান।

 

এদিকে নিহত শিশুকণ্যা রাকা মুনির বাব অটোরিক্সা গ্যারেজ মিস্ত্রী রায়হান আলী সরকারের নিকট দাবী জানিয়ে বলেন, তার মাত্র সাড়ে ৬ বছরের মেয়ে রাকা মুনির কানের সোনার দুল নেয়ার জন্য যারা হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছিল তাদের অবিলম্বে ফাঁসি চাই। উল্লেখ্য : গত ১১ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় রাকা মুনি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

 

এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কয়েক ঘন্টা পর রাত ১০ টায় প্রতিবেশি আমজাদ হোসেনের বাসার লুকিয়ে রাখা একটি কক্ষ থেকে রাকা মুনির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ও মামলার এজহারভুক্ত আসামী প্রতিবেশি সান্তাহার সাহেবপাড়ার আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম, বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেন।