নওগাঁ জেলা প্রতিনিধি:  সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের ঘটনার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় উপজেলার মাছ চত্বরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্মাণাধীন রাম মূর্তি ভাঙচুরের হুমকি ও মূর্তির অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বক্তারা আরও বলেন, “আমরা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চাই না। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এবং অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মানববন্ধন থেকে দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষ দূর করে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রতন কুমার মন্ডল, সদস্য সচিব সুমন কুমার সিংসহ উজ্জ্বল কুমার সরকার, শোভন কুমার সিং, তাপস কুমার হাজরা ও গৌতম কুমার মহন্ত প্রমুখ।