নিজস্ব প্রতিবেদক বগুড়া : বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান বিমানফিল্ডকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে সেখানে একটি আধুনিক বিমানঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ফ্লাইং অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় বগুড়া বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ তথ্য সাংবাদিকদের জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিএএফ ঘাঁটি কক্সবাজারের এয়ার অফিসার কমান্ডিং (এওসি) এয়ার ভাইস মার্শাল এ.এফ.এম. শামীমুল ইসলাম।
সভায় এয়ার ভাইস মার্শাল এ.এফ.এম. শামীমুল ইসলাম বলেন, বগুড়ার এরুলিয়ার বিদ্যমান এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরের পরিকল্পনা ইতোমধ্যে সরকারিভাবে গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমানঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরির জন্য অত্যাধুনিক ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের বিষয়টিও পরিকল্পনার অন্তর্ভুক্ত।
তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। একই সঙ্গে কার্গো সুবিধা চালুর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ হবে, যা ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। ভবিষ্যতে বগুড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বগুড়া বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় দেশের আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি বা স্টেশন স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অফিসার কমান্ডিং গ্রুপ ক্যাপ্টেন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শ্রী পরিমল চন্দ্র দাস।
উল্লেখ্য, বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিমানফিল্ড দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে। আন্তর্জাতিক বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি ও ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ, বিনিয়োগ, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।