আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে পানিতে ডুবে রাফিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের জমে থাকা পানির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং পরিবারের অনুরোধে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।