পি এম রতন, বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জাতীয় সংসদে প্রস্তাব উপস্থাপনের পর সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শাজাহানপুর ও গাবতলী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে।
তবে এ লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আয়োজিত অভিভাবক সমাবেশ ও সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মোরশেদ মিল্টন আরও বলেন, শিক্ষার্থীরা যাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ প্রসঙ্গে তিনি ‘নতুন কুঁড়ি’ উদ্যোগের কথাও উল্লেখ করেন।
গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আব্দুল আলীম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল ও অভিভাবক সদস্য মিজানুর রহমান মতিন কাজী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু সাহিন সানি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মহিলা দলের সভাপতি কোহিনূর আক্তার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ।
প্রাক্তন শিক্ষার্থী রাকিব হোসেন রেজা ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গোহাইল ইউনিয়নের দেড় শতাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষা উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।