নওগাঁ প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের বামনীগ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনের নামে খোলা মঞ্চে অশালীন ও অসামাজিক নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের উপস্থিতিতে ও নেতৃত্বে এই আয়োজন করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। ইতোমধ্যে নারী শিল্পীদের একক ও দলীয় নৃত্যের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) রাতে বামনীগ্রাম যুব উন্নয়ন ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণ কার্যক্রম স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।
অভিযোগ উঠেছে, প্রথম পর্ব শেষ হওয়ার পর মূল আলোচনা সভার ব্যানারটি মঞ্চ থেকে সরিয়ে ফেলা হয়। এরপর অতিথিদের উপস্থিতিতেই হিন্দি ও বাংলা ডিজে গানের তালে নারী শিল্পীরা আপত্তিকর ও অশালীন অঙ্গভঙ্গিতে নৃত্য পরিবেশন করেন।
উন্মুক্ত জনসমাগমের এই আয়োজনে এমন পরিবেশনা সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী দাবি করে উপস্থিত দর্শকদের একাংশ চরম অসন্তোষ প্রকাশ করেছেন।
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমানে দেশব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় শোক কর্মসূচি চলছে। এমন সময়ে নব্য বিএনপি নামধারী ও দলীয় পদধারী একজন জনপ্রতিনিধির নেতৃত্বে খোলা পরিবেশে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হাইব্রিড’ ও সুবিধাভোগী নেতাদের কারণে ত্যাগী নেতা-কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন এবং দল প্রশ্নবিদ্ধ হচ্ছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তারা জড়িতদের বিরুদ্ধে দ্রুত দলীয় ও সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: নাজিম উদ্দিন মুঠোফোনে সাংবাদিকদের জানান, তিনি কেবল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন। সেটি শেষ করে তিনি চলে আসেন। তিনি চলে আসার পর সেখানে কী হয়েছে বা মুক্ত পরিবেশে এমন কোনো নাচের আয়োজন করা হয়েছিল কি না সে বিষয়ে তিনি কিছুই জানেন না।