আলিফ হোসেন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরিচ্যুতি ও আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ, চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল এবং বয়স শিথিল করে স্থায়ীকরণ রাজস্বকরণ/আত্তীকরণ করার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় বগুড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির বগুড়া জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সমিতিট কেন্দ্রয়ী যুগ্ম আহবায়ক ও রাজশাহী বিভাগীয় আহবায়ক মনিরুজ্জামান পিয়াসের সভাপতিত্বে এবং বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বাবুর সঞ্চালনায় কর্মসূচিতে কেন্দ্রীয় বিভাগ ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত হাজারো মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেও তারা এখনও চাকরির নিরাপত্তা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের চাকরিচ্যুত করা এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের উদ্যোগে কর্মচারীদের মধ্যে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, ২০০৮ সালের ‘কাজ নাই, মজুরি নাই’ পরিপত্র বাতিলের ফলে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা সাংবিধানিক ও শ্রম আইনের বিভিন্ন সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা,২০২৫ এ ঈদ বোনাস,উৎসব ভাতা,মাতৃত্বকালীন ছুটি, ন্যূনতম মজুরি কাঠামোসহ মৌলিক শ্রমিক অধিকার নিশ্চিত না হওয়ায় নীতিমালাটি পুনর্বিবেচনার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বগুড়া প্রেসক্লাব থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ, ইতোমধ্যে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল,আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে বয়স শিথিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে রাজস্বখাতে স্থায়ীকরণের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।