বিডি নিউজ বাংলা ২৪ ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন বাংলাদেশি কর্মী মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। নিহত ১৭ জনের মধ্যে ১২ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এবং বাকি ৫ জন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা।এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় রিয়াদের মানফুয়া সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,নিহত ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি,ডুবাই, বৈঠাখালি,খনজোর,পারকসুন্দাও দিঘিরপাড় গ্রামের বাসিন্দা।বাকি ৫ জন পার্শ্ববর্তী নাটোর জেলার নলডাঙ্গা থানার খাজুরা গ্রামের বাসিন্দা ছিলেন।
কারখানাটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন কাজ করছে।