বিনোদন প্রতিবেদক: সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কোনো সম্পর্ক যদি ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, তাহলে সেখান থেকে সরে আসা পরিত্যাগ নয়, বরং নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত এমনটাই মনে করেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সম্পর্ক তৈরি, ভাঙন ও আত্মমর্যাদা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন প্রভা। পোস্টে প্রভা লেখেন, সম্পর্ক ছিন্ন করা মানেই মানুষের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলা নয়। কখনো কখনো এটি নিজের কাছে স্বীকার করে নেওয়া যে, একসময় অর্থবহ থাকা একটি সম্পর্ক এখন ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।
তিনি বলেন, ভালোবাসার মূল্য কখনোই নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক সুস্থতা বিসর্জন দেওয়ার বিনিময়ে হতে পারে না। কেউ শুধু নিজের প্রয়োজনের সময় পাশে থাকলে কিংবা পরিবারের কোনো সদস্য বারবার ব্যক্তিগত সীমা লঙ্ঘন করলে, সেই সম্পর্কও একজন মানুষকে মানসিকভাবে নিঃশেষ করে দিতে পারে।
প্রভার ভাষ্য, পরিবর্তনের আশায় অনেকেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে উপলব্ধি হয়, সম্পর্কটি ধরে রাখতে গিয়ে নিজের অস্তিত্বই যেন হারিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জীবন থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া সবসময় নির্মমতা নয়; কখনো কখনো এটি সাহসের পরিচয়। মিথ্যা ভান করে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে সত্যকে মেনে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া জরুরি।
পোস্টের শেষাংশে প্রভা লিখেছেন, যেখানে প্রতিনিয়ত আঘাত পেতে হয়, সেখানে নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ মানুষের মানসিক পরিসর সংকুচিত করে, সেখানে বেড়ে ওঠাও সম্ভব নয়। তার মতে, কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ। কখনো কখনো কোনো কিছু ছেড়ে দেওয়াই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকাশ।