ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা দেড়টার দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখায় চারজনকে আটকে দেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, পুশইনের শিকার চারজন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। এ ঘটনায় বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের কমান্ডারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে, সে জন্য বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।