নিজস্ব প্রতিবেদক : হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সোমবার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।
আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতা রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।