স্টাফ রিপোর্টার :
জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া উত্তর -নওদা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হামিম দরগাপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশের আঙিনার দিকে যাচ্ছিলেন। বাবার পিছু পিছু শিশু হামিমও রাস্তা পার হতে যায়। এ সময় পাঁচবিবির দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা একটি বাস শিশু হামিমকে চাপা দিলে শিশু হমিম ঘটনাস্থলেই মারা যায়।
তবে দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় স্থানীয় কেউ সেটিকে শনাক্ত করতে পারেননি। পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘাতক অজ্ঞাতনামা বাসটিকে শনাক্ত করার জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।