সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। তাঁদের গাড়ির সামনে পুলিশের প্রটেকশনের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম সড়ক পার হওয়ার সময় হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এতে তাঁর ডান পা ভেঙে যায়।
পুলিশ জানায়, ফিরোজা বেগমকে রক্ষা করতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। পরে তাঁরা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
এদিকে দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন,দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।