রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সোয়াদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার খান্দার এলাকার নীলসাগর পুকুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াদ ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার স্যানিটারি মিস্ত্রি মো. কালামের একমাত্র ছেলে এবং সে স্থানীয় ঠনঠনিয়া নূরুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।
আরও পড়ুন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সহপাঠী তানিম ও রাকিবের সঙ্গে খেলা শেষে নীলসাগর পুকুরে গোসল করতে নামে সোয়াদ। একপর্যায়ে সে পানির গভীরে তলিয়ে যেতে থাকলে বন্ধুরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, শিশু মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন, তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।