নিজস্ব প্রতিবেদক: সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিং করার আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন না করার নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়।
রিট আবেদনে আসিফ মাহমুদকে নিয়ে দুদকের দেওয়া প্রেস ব্রিফিংয়ের বক্তব্যের ভুল স্বীকার করতে কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় গণমাধ্যমে তথ্য প্রকাশ বা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করা থেকে বিরত থাকতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। ওই সময় আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে—দুদকের এক কর্মকর্তার এমন বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।এরপর ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান আসিফ মাহমুদ। এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনি নোটিশও পাঠানো হয়।
নোটিশে বলা হয়, দুদকের ওই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আসিফ মাহমুদের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। অন্যদিকে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান কোনো রাজনৈতিক চাপ বা পক্ষপাতিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে না। অভিযোগগুলো আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে।