রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৫০ বছর পূর্তি উপলক্ষে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ পাঁচ দশক ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের সঙ্গে ব্যাংকিং সেবা দিয়ে আসায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আইএফআইসি ব্যাংক দীর্ঘ ৫০ বছর ধরে দেশের মানুষের ব্যাংকিং সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গ্রাহক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিয়মিতভাবে এ ব্যাংকের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছেন। সময়ের সঙ্গে আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। তিনি বলেন, আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় মানুষের ব্যাংকিং সেবায় কাজ করে যাচ্ছে। এটি একটি বিশ্বাসযোগ্য ব্যাংক। আমি প্রায় ১০ বছর ধরে এই ব্যাংকের সঙ্গে লেনদেন করছি। এখন পর্যন্ত আমার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। তিনি আইএফআইসি ব্ব্যাংকটির ৫০ বছর পূর্তি উপলক্ষে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের অফিসার ইনচার্জ মোঃ রাগীব ইয়াসার সাব্বির, ট্রানজেকশন সার্ভিস অফিসার পিংকি বসাক, ট্রানজেকশন সার্ভিস অফিসার মানিক ঘোষসহ রাণীনগর শাখার কর্মকর্তা-কর্মচারীরা। দোয়া মাহফিলে ব্যাংকের সফলতা, সমৃদ্ধি এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার সক্ষমতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।