রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশির নামে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ১০২ ভরি ১২ আনা ওজনের ১০টি স্বর্ণের বার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৭ অক্টোবর বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর জেলার সাদিকুল ইসলাম ও আলমগীর হোসেন এবং জয়পুরহাট জেলার রবিউল ইসলাম ও আসাদুজ্জামান শাহিদ। তাদের কাছ থেকে ছিনতাই করা স্বর্ণ বিক্রির নগদ ৮৮,০০,০০০ (আটাশি লক্ষ) টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে বগুড়া শহরের গলাপট্টি এলাকার মোকাররম হোসেন খান মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী মো. খাইরুল ইসলামের খালাতো ভাই ও কর্মচারি মো. বাপ্পি হোসেন (২৭) ব্যবসায়িক প্রয়োজনে ১০টি তেজাবি স্বর্ণের বার নিয়ে বাসে করে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন।
বাসটি শিবগঞ্জ-মোকামতলা সড়কের উথলী এলাকায় পৌঁছালে ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ) পরিচয় দিয়ে বাসটির গতি রোধ করে। এরপর তারা বাপ্পী হোসেনকে বাস থেকে নামিয়ে চড়-থাপ্পড় মেরে ভয়ভীতি দেখান এবং তার কাছে থাকা আনুমানিক ২ কোটি ১৩ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ২৪ ক্যারেটের ১০টি স্বর্ণের বার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম বাদী হয়ে গত ২৭ অক্টোবর শিবগঞ্জ থানায় পেনাল কোডের ১৭০/৩৯৪ ধারায় একটি ছিনতাই মামলা (নম্বর: ৩৩) দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি এবং রবিউলের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে এবং বাকি স্বর্ণ উদ্ধারে আইনগত প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে।