রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং সংরক্ষণের দায়ে “নূর বেকারি” নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শাহপাড়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন, বগুড়ার সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
দুপুর ১২টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল। অস্বাস্থ্যকর পরিবেশ: সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল। অবৈধ ফ্লেভার: গুণগত মান যাচাইয়ের কোনো সনদ ছাড়াই বিভিন্ন রাসায়নিক ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল।মারাত্মক স্বাস্থ্যঝুঁকি: বাথরুমের দরজার ঠিক সামনে ময়দার ডো তৈরি করে সংরক্ষণ করা হচ্ছিল। স্বাস্থ্যবিধি অবহেলা: কারখানার খাদ্যকর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি বা সুরক্ষা নিয়ম মানছিলেন না।
অনুচিত সরঞ্জাম ব্যবহার: এসএস স্টিলের টেবিলের পরিবর্তে পরিষ্কার- পরিচ্ছন্নতাহীন কাঠের টেবিল ব্যবহার করা হচ্ছিল। খাদ্যের অপবিত্রতা: প্রস্তুতকৃত পাউরুটি সরাসরি ময়লা মেঝেতে ফেলে রাখতে দেখা যায়। এসব অপরাধে দোষ স্বীকার করার ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এছাড়া, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির মালিকের নিকট এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসানসহ অন্যান্য সাপোর্ট স্টাফ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযান শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের সকল আইন ও বিধিবিধান মেনে ভবিষ্যতে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।