কারিমুল হাসান, ধুনট বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে তুলসি রায় (৩৫) নামের বন্ধুকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে বন্ধু বাবু রায়ের বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) রাত অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ আহত তুলসি রায় ওই গ্রামের বাদল রায়ের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুঠিবাড়ি গ্রামের কলা রায়ের ছেলে বাবু রায়ের সঙ্গে একই এলাকার তুলসি রায়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বাবু রায়ের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তুলসি রায়। একপর্যায়ে বাবুর স্ত্রী দুই সন্তানের জননীর সাথে তুলসি রায়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে বাবু রায়ের স্ত্রীকে নিয়ে তুলসী রায় অন্যত্র যেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এ ঘাটানায় পারিবারিকভাবে কয়েক দফা মিমাংসা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। বাবু রায় তার স্ত্রীকে ফিরিয়ে দিতে বন্ধু তুলসি রায়কে অনুরোধ করে ব্যার্থ হয়। এক পর্যায়ে ঘটনার দিন রাত অনুমান সাড়ে ১০টায় কুঠিবাড়ি গ্রামের রাস্তায় বন্ধু তুলসি রায়কে দেখতে পেয়ে পেটে ছুরিকাঘাত করে বাবু রায়। পরে স্থানীয়রা তুলসি রায়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় বাবু রায় ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে এবং তুলসী রায়ের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। ধুনট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।