হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার মাঠে মাঠে যেদিকেই চোখ যায় শুধু সবুজের সমারোহ। আমন ফসলের মাঠ যেন সবুজ চাদরে পরিপূর্ন। চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। পোকার আক্রমন কম থাকাসহ মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও আবহাওয়া অনুকুলে থাকায় শস্য ভান্ডার বলে খ্যাত আদমদীঘি উপজেলায় এবারও রোপা আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

আরও পড়ুন 

শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব—–দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে এবার ১২ হাজার ৮০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়। এরমধ্যে স্বর্ণা-৫, বিনা-১৭, বিআর-৯০ ও সুগন্ধিসহ বেশ কয়েক জাতের রোপা আমন ধান রোপন করা হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় আমন ক্ষেতে তেমন কোন রোগবালাই দেখা দেয়নি। এর পরেও কৃষকরা জমিতে সতর্কতামুলক কীটনাশক স্প্রে অব্যাহত রেখেছেন।

 

আমন ধানের গাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষি অফিসের পরামর্শে কৃষকরা সার্বক্ষনিক জমিতে পরিচর্যা করছেন। সবুজে ঘেরা আমন ধানের মাঠ দেখে যেন এক মূহুর্তের জন্যেও বিশ্রাম নেয়ার ফুরসত নেই কৃষকদের। যেদিকে চোখ যায় সবুজের অপরুপ সমাহার। মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন ধানের গাছ, আর আনন্দে দুলছে কৃষকদের মন। বৃষ্টিপাতের পরিমান কম হলেও আমন আবাদের জন্য আবহাওয়া অনুকুলে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা।

 

ইতিমধ্যে অনেক জমিতে আগাম জাতের আমন ধানের গামোর বা শীষ বের হতে শুরু করেছে। তেতুলিয়া গ্রামের কৃষক আলতাফ হোসেন, কাশিমালা গ্রামের বাবলু মিয়া, জানায়, এবার পরিমান মতো বৃষ্টিপাত ও ধানের গাছে পরিমিত ভাবে রোদ লাগায় রোগবালাই কম হয়েছে। ধান গাছের অবস্থা খুবই ভাল বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, চলতি মৌসুমে রোপা আমন ক্ষেতে রোগবালাই কম, কৃষকরা কৃষি অফিসের পরামর্শে আবাদের পরিচর্যা করায় এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম