সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই।
আরও পড়ুন
রাণীনগরে গাছ রোপন করলো মৎস্যজীবীরা
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের কোনো সভা-সমাবেশ বা দলীয় কার্যালয় পরিচালনার সুযোগ নেই। কেউ আইন অমান্য করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সংশোধিত আইন অনুযায়ী এবার দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে।”
এদিন শিবগঞ্জ ও মোকামতলা এলাকার তিনটি কেন্দ্রে ‘প্রতিভা অন্বেষণ পরীক্ষা’ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী ও ৬০০ শিক্ষক অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, “শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের মেধা, অভিজ্ঞতা ও চিন্তাভাবনাকেও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগাতে চাই।” পরীক্ষার ফলের ভিত্তিতে ৪০০ শিক্ষার্থী ও ২০০ শিক্ষককে নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হবে বলেও জানান তিনি। পরে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।”
বাস বিতরণ শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কিচক ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন মীর শাহে আলম। দুর্ঘটনায় পা হারানো মাহফুজের জন্য নিজের তহবিল থেকে কৃত্রিম পায়ের ব্যবস্থা এবং তার পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী দেশের অর্থনীতি প্রসঙ্গে বলেন, “ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে।
দেশের সব সংকট উত্তরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” দিনব্যাপী এসব কর্মসূচিতে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।