তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নে লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
জিন্নাতুল ইসলাম জিন্না
প্রকাশের সময় :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
৬
বার পঠিত
তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নে লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক পরিবারের দৌড়গোড়ায় সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে লালমনিরহাটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 'ফ্যামিলি কার্ড'-এর তথ্য সংগ্রহ অভিযান। সোমবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কলোনি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনকল্যাণমুখী কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। লালমনিরহাট শহর সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক...
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক পরিবারের দৌড়গোড়ায় সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে লালমনিরহাটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহ অভিযান।
সোমবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কলোনি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনকল্যাণমুখী কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
লালমনিরহাট শহর সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আফজাল হোসেন বলেন, বর্তমান সরকারের এই ফ্যামিলি কার্ড উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণমুখী। সমাজের কোনো যোগ্য বা প্রকৃত সুবিধাবঞ্চিত ব্যক্তি যেন এই সরকারি সহায়তা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে আমাদের সবাইকে কঠোর নজর রাখতে হবে। তিনি মাঠ পর্যায়ে নিযুক্ত তথ্য সংগ্রহকারী ও স্বেচ্ছাসেবকদের শতভাগ সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাজু, ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুল জামান মিঠু এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর সমন্বয়ক আব্দুল সালাম বকুল। এছাড়া স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
আড়ম্বরপূর্ণ উদ্বোধনী পর্ব শেষে ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন সফরটারী, এয়ারপোর্ট রোড, উকিলপাড়া, বন বিভাগ এলাকা, কলেজ রোড, নাছিরটারী, তালুক খুটামারা, বত্রিশ হাজারী, বানভাষা ও মোক্তারটারীসহ প্রধান প্রধান এলাকাগুলোকে কয়েকটি জোনে ভাগ করা হয়। এরপরই নির্ধারিত স্বেচ্ছাসেবকেরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু করেন।
মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্যের নির্ভুলতা ও সঠিকতা নিশ্চিত করতে প্রতিটি জোনে নিযুক্ত কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছে।